ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আগামী এক সপ্তাহের মধ্যে দেশের শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য 'জিনএক্সপার্ট কার্টিজ' ও শিশুদের যক্ষ্মা প্রতিরোধের ওষুধ হস্তান্তর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টিকাদানের বর্তমান অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যে লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ কাভার করেছি। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশু হামের টিকার আওতায় চলে আসবে। অনেক জায়গায় ইতিমধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। কার্যক্রম শুরু করা প্রথম ৩০টি উপজেলায় এখন একজনও হামের রোগী নেই।’
সংক্রমণ ও টিকাদান পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘গত ছয় বছর হাম প্রতিরোধে শিশুদের কোনো ভ্যাক্সিনেশন হয়নি। আমরা দায়িত্ব নিয়ে জরুরি ভিত্তিতে এটি শুরু করি। ইউনিসেফ, গ্যাভি, ওয়ার্ল্ড ব্যাংক এবং আমেরিকা যৌথভাবে সহায়তা না করলে দেশের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।’
মন্ত্রী আরও জানান, টিকাদান কর্মসূচি আগামী মাসের ৫ তারিখে শুরু হওয়ার কথা থাকলেও তিনি তা ১৪ দিন এগিয়ে এনেছেন। ২০ এপ্রিল থেকেই কাজ শুরু হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে ৬ লাখ জিনএক্সপার্ট কার্টিজ ও ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তর করা হয়েছে। বর্তমানে দেশে ভ্যাক্সিন ও সিরিঞ্জের কোনো সংকট নেই এবং আগামীকালকের মধ্যে সব কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে যাবে বলে তিনি নিশ্চিত করেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ